পাঁচ মামলায় এনামুর রহমানের জামিন স্থগিত

পাঁচ মামলায় এনামুর রহমানের জামিন স্থগিত
এনামুর রহমান। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে পাঁচ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

রোববার রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত এ আদেশ দেয়। হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ।

২০২৫ সালের ২৬ জানুয়ারি রাজধানী থেকে এনামুর রহমানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন ২৭ জানুয়ারি মিরপুর থানার একটি হত্যা মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ছয় দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এরপর একই বছরের ১৮ ফেব্রুয়ারি সাভার থানায় দায়ের করা মো. হৃদয় হত্যা মামলায় এনামুর রহমানকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে পুলিশ।

অন্যদিকে, আসামিপক্ষ রিমান্ড আবেদন নাকচ করে তার জামিনের আবেদন করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করে।

পরে বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলার মধ্যে পাঁচটিতে জামিন চেয়ে এনামুর রহমান হাইকোর্টে আবেদন করলে আদালত তাকে জামিন দেয়। ওই জামিনাদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার জামিন স্থগিতের আদেশ আসে।

এনামুর রহমান দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ঢাকা-১৯ (সাভার) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ২০১৯ সালের জানুয়ারিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থী ছিলেন এনামুর রহমান। তবে ওই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলামের কাছে পরাজিত হন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad