বন্যা ও জলোচ্ছ্বাসের দীর্ঘমেয়াদি দুর্ভোগ থেকে উপকূলীয় মানুষকে রক্ষা করতে সরকার টেকসই বেড়িবাঁধ নির্মাণসহ সমন্বিত পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে মানুষের যেকোনো দুর্যোগে পাশে থাকা সরকারের সাংবিধানিক দায়িত্ব ও রাজনৈতিক অঙ্গীকার।’
শনিবার সকাল সাড়ে ১১টায় কক্সবাজারের পেকুয়া উপজেলা মাঠে শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ১০০টি ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বন্যা ও জলোচ্ছ্বাস প্রতিরোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণসহ সরকার বিভিন্ন দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে।শুধু তাৎক্ষণিক ত্রাণ নয়, দুর্যোগের স্থায়ী সমাধান নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’
‘সরকারের রাজনীতির মূল লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা। জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে মানুষের যেকোনো বিপদ-আপদে পাশে থাকা আমাদের দায়িত্ব। “সবার আগে বাংলাদেশ, ক্ষমতার আগে জনগণ”- এই নীতিকে ধারণ করেই সরকার কাজ করছে’, যোগ করেন সালাহউদ্দিন আহমদ।

ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শুধু ঘরবাড়ি হারানো পরিবার নয়, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্যচাষি ও গবাদিপশুপালকদের জন্যও সহায়তা কর্মসূচি নেওয়া হয়েছে। যাদের বীজতলা, কৃষিজমি বা চারা নষ্ট হয়েছে, তাদের সার, বীজ ও প্রয়োজনীয় কৃষি উপকরণ দেওয়া হবে। পাশাপাশি মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ক্ষয়ক্ষতির জরিপ করে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।’
বন্যায় ক্ষতিগ্রস্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, সড়কসহ সব ধরনের অবকাঠামো দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘সরকার সবসময় জনগণের পাশে থাকবে এবং ন্যায়ভিত্তিক উন্নয়ন ও সেবার মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাবে।’
‘সরকার জনবান্ধব ও দরিদ্রবান্ধব নীতি অনুসরণ করছে, যাতে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি না হয় এবং রাষ্ট্রীয় সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়’, যোগ করেন তিনি।
অনুষ্ঠান শেষে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন সালাহউদ্দিন আহমদ। তাদের খোঁজখবর নেওয়ার পাশপাশি বিতরণ করা সহায়তা সামগ্রী পরিদর্শন করেন। পরে পেকুয়ার বিভিন্ন বন্যাকবলিত এলাকা ঘুরে ক্ষয়ক্ষতি পরিদর্শন করেন।
উল্লেখ্য, দুই দিনের সফরে শুক্রবার কক্সবাজারে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সফরের প্রথম দিনে তিনি চকরিয়ার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন এবং দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন।


