বরংগাইলে সেলফি পরিবহনের বাস খাদে পড়ে নিহত ১

বরংগাইলে সেলফি পরিবহনের বাস খাদে পড়ে নিহত ১
খাদে পড়া বাস উদ্ধারের চেষ্টা চলছে। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ডের পাশে সেলফি পরিবহনের একটি বাস খাদে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় বাসে থাকা অন্তত ৫০ জন যাত্রী আহত হয়েছেন। নিহত দেলোয়ার হোসেন (৫০) ঘিওর উপজেলার ফুলহারা গ্রামের বাসিন্দা।

রোববার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী, ঘিওর ফায়ার সার্ভিস ও বরংগাইল হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ‘ঢাকা মেট্রো ব-১৪-৪৩৮৮’ নম্বরের সেলফি পরিবহনের বাসটি প্রায় ৫০ জন যাত্রী নিয়ে পাটুরিয়া থেকে ঢাকা যাওয়ার সময় বরংগাইল মহাসড়কের পাশে গভীর খাদে পড়ে যায়।

খবর পেয়ে বরংগাইল হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। উদ্ধারকাজে সহায়তার জন্য এরইমধ্যে একটি রেকার ঘটনাস্থলে পৌঁছেছে এবং দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।

আরও পড়ুন

খাদে পড়া বাস উদ্ধারের চেষ্টা চলছে। ছবি: টাইমস

দুর্ঘটনায় আহত যাত্রী মজিবর, কুব্বাত ও বেলায়েত হোসেন অভিযোগ করে বলেন, বাসটির চালক বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন। অতিরিক্ত গতির কারণে চালক গতি নিয়ন্ত্রণ ধরে রাখতে ব্যর্থ হওয়ায় বাসটি সরাসরি খাদে পড়ে যায়। এ দুর্ঘটনায় বাসের ভেতরে থাকা প্রায় সব যাত্রীই কমবেশি আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, আহতদের উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল এবং মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, বেপরোয়া গতির কারণেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে একজন নিহত হয়েছেন। বাসটি উদ্ধার করতে রেকারের সাহায্যে হাইওয়ে পুলিশ কাজ করছে।’

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা রানী কর্মকার জানান, গাড়ির গতি নিয়ন্ত্রণ এবং ফিটনেস যাচাই-বাছাইয়ে বরংগাইল হাইওয়ে পুলিশকে নির্দেশনা দেওয়া রয়েছে। এ বিষয়ে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad