মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের ঘোষণা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় এসে প্রান্তিক মানুষের কাছে এই সুবিধা পৌঁছে দিতে পেরেছেন।
শুক্রবার মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর উচ্চবিদ্যালয় হলরুমে কৃষক কার্ডের তথ্য সংগ্রহের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খোকন তালুকদার বলেন, প্রতিপক্ষরা এসব নিয়ে নানা সমালোচনা করলেও প্রধানমন্ত্রী সব সমালোচনা উপেক্ষা করে তার সিদ্ধান্তে অটল থেকেছেন এবং ক্ষমতায় আসার এক মাসের মধ্যে ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু করেছেন। কৃষক কার্ড যেন প্রকৃত কৃষকরাই পান, সেদিকে সতর্ক দৃষ্টি রাখার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে ডাসার উপজেলা কৃষি অফিসার সুদ্বীপ বিশ্বাস, আব্দুল বারি, ডাসার উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হাওলাদার এবং নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল তালুকদারসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।


