প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা করা হবে।
শনিবার বরিশালে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, স্থানীয় সরকার বিভাগ এবং নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে আলাদা দুটি মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
সিইসি বলেন, ‘যেহেতু আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে, সে অনুযায়ী ডিসেম্বরের প্রথমার্ধেই তফসিল ঘোষণা করা হবে।’
তিনি আরও বলেন, ‘সরকার আওয়ামী লীগের সব রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে। বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। তবে যদি নির্বাচনের আগে আদালতের রায় হয়ে যায়, তা হলে তখন বিষয়টি পুনর্বিবেচনা করা হবে।’
এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা প্রতীক দাবি প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকায় দলটির নাম না থাকায় শাপলা প্রতীক বরাদ্দ দেওয়ার সুযোগ নেই।’
গোয়েন্দা সংস্থার প্রভাব প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘কোনো গোয়েন্দা সংস্থার প্রভাবে নির্বাচন কমিশন কাজ করবে না। কমিশন স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করবে।’
মতবিনিময় সভায় বরিশালের বিভাগীয় কমিশনার রায়হান কাওসার, ছয় জেলার জেলা প্রশাসক এবং আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


