দেশের বাজারে আবারও সোনার দাম কমানো হয়েছে। এতে ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ভ্যাটসহ ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর এক জরুরি সভায় নতুন দামের এ সিদ্ধান্ত নেওয়া হয়। সোনার নির্ধারিত নতুন দাম সকাল ১০টা থেকে সারাদেশে কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, দেশের বাজারে তেজাবি (খাঁটি) সোনার দাম কমে যাওয়ায় সোনার নতুন এ দাম সমন্বয় করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে। সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে নতুন কোনো ভ্যাট আদায় করা যাবে না। তবে কারিগররা গয়নার ডিজাইন অনুযায়ী মজুরি রাখতে পারবেন।
নির্ধারিত নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম কমে দাঁড়িয়েছে ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা।
এর আগে, দুই দফা কমার পর গত শুক্রবার দেশের বাজারে সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছিল। এর তিন দিন পরেই সোমবার সেই একই পরিমাণ দাম কমিয়ে সোনার নতুন দাম নির্ধারণ করে বাজুস।
চলতি বছরে দেশের বাজারে এখন পর্যন্ত ৯১ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৪ দফা দাম বাড়ানো হয়েছে, ৪৬ দফা কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। এর আগের বছরে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। তার মধ্যে ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার দাম কমানো হয়েছিল।
সোনার দাম কমলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ভরি প্রতি ৪ হাজার ৬০৭ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপা ২ হাজার ৯১৬ টাকায় বিক্রি হচ্ছে।
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৫৬ বার রুপার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৮ দফা দাম বাড়ানো হয়েছে, ২৮ দফা কমানো হয়েছে। আর গত বছর দেশের বাজারে মোট ১৩ বার রুপার দাম সমন্বয় করা হয়েছিল। যার মধ্যে বেড়েছিল ১০ বার, আর কমেছিল মাত্র ৩ বার।


