চট্টগ্রামে চিনি ছিনতাই: ৩০০ বস্তার ২৮৪ উদ্ধার, গ্রেপ্তার চালক

চট্টগ্রামে চিনি ছিনতাই: ৩০০ বস্তার ২৮৪ উদ্ধার, গ্রেপ্তার চালক
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

চট্টগ্রামের পটিয়া থেকে ৩০০ বস্তা চিনি ছিনতাইয়ের ঘটনায় ২৮৪ বস্তা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কাভার্ডভ্যানের চালক মো. আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার ভোররাতে কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের নোনাছড়ি এলাকার একটি বন্ধ টেইলার্সের দোকান থেকে সর্বশেষ ১৫০ বস্তা চিনি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ছিনতাই হওয়া ২৮৪ বস্তা উদ্ধার হয়েছে। বাকি ১৬ বস্তা উদ্ধারে অভিযান চলছে। মামলায় বান্দরবানের লামা উপজেলার আজিজনগর বাজারের মুদি দোকানি মো. রাহাত উদ্দিন জুয়েলকেও আসামি করা হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, অন্যদের সঙ্গে যোগসাজশ করে পরিকল্পিতভাবে ছিনতাইয়ের ঘটনা সাজিয়ে চিনি আত্মসাৎ করে থাকতে পারেন চালক আলমগীর।

পরে বাজারদরের চেয়ে কম দামে ওই চিনি কিনে নেন ব্যবসায়ী জুয়েল। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছে না পুলিশ।

আরও পড়ুন

পুলিশ সূত্র জানায়, বুধবার দিবাগত রাতে লামার আজিজনগর বাজারের একটি গোডাউন থেকে ১৩৪ বস্তা চিনি উদ্ধার করা হয়। শুক্রবার ভোররাতে হারবাংয়ের নোনাছড়ি এলাকা থেকে উদ্ধার করা হয় আরও ১৫০ বস্তা। দুই দফায় মোট ২৮৪ বস্তা চিনি উদ্ধার হয়েছে।

চিনির মালিক মোহাম্মদ সিরাজুল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার পটিয়া থানায় মামলা করেন। এতে কাভার্ডভ্যানের চালক আলমগীর ও মুদি দোকানি জুয়েলকে এজাহারনামীয় আসামি করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ‘লুণ্ঠিত ৩০০ বস্তা চিনির মধ্যে এ পর্যন্ত ২৮৪ বস্তা উদ্ধার করা হয়েছে। চিনির মালিকের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। কাভার্ডভ্যানের চালক আলমগীর ও ব্যবসায়ী জুয়েলকে আসামি করা হয়েছে। পুরো ঘটনা তদন্ত করা হচ্ছে। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।’

হারবাং ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য বাবুল আহমদ বলেন, আজিজনগর বাজারের মুদি দোকানি জুয়েল ও নোনাছড়ির রাসেল আপন ভাই।

বিভিন্ন গণমাধ্যমে চিনি আত্মসাতের খবর প্রকাশের পর বুধবার রাত থেকে তারা পরিবারের সদস্যদের নিয়ে আত্মগোপনে রয়েছেন বলে তিনি জানতে পেরেছেন। পুলিশকে সঙ্গে নিয়ে রাসেলের বাড়িতে গেলে সেটি তালাবদ্ধ পাওয়া যায়।

এর আগে বুধবার বিকাল সাড়ে পাঁচটার দিকে চট্টগ্রাম-আনোয়ারা সড়কে নবনির্মিত কর্ণফুলী উপজেলা পরিষদ ভবনের সামনে পরিত্যক্ত অবস্থায় চিনিবাহী কাভার্ডভ্যানটি পাওয়া যায়। স্থানটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শিকলবাহা ক্রসিংয়ের কাছে। এরপর পুলিশ তদন্ত শুরু করে। ধারাবাহিক অভিযানে দুই স্থান থেকে চিনি উদ্ধার হলেও বাকি ১৬ বস্তা এখনো উদ্ধার হয়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad