সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাক চাপায় আজিজুল হক (৪০) নামে এক অটোভ্যান চালক নিহত হয়েছেন।
শনিবার রাত ১০টার দিকে উপজেলার নরিনা ইউনিয়নের নাববিলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আজিজুল হক উপজেলার নরিনা ইউনিয়নের নবদীঘি গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, শনিবার রাতে নরিনা বাজার থেকে সিমেন্ট কিনে অটোভ্যানে করে বাড়ি ফিরছিলেন আজিজুল হক। পথে নাববিলা গ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই ট্রাক তার ভ্যানটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


