হজ ২০২৭-এর প্যাকেজ প্রণয়ন ও ঘোষণার সময় হজযাত্রীদের সুযোগ-সুবিধা ও চাহিদা বিবেচনায় ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়েকোবাদ।
মঙ্গলবার সংসদে সরকারি দলের সদস্য (কক্সবাজার-৩) লুৎফুর রহমানের টেবিলে উপস্থাপিত তারকাচিহ্নিত এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
ধর্মমন্ত্রী বলেন, ‘২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণার মাধ্যমে হজের কার্যক্রম এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।’
তিনি জানান, প্যাকেজ অনুযায়ী সৌদি আরব ও বাংলাদেশ পর্বের বিভিন্ন খরচ ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে। সৌদি আরবের নির্ধারিত সময়সূচি অনুযায়ী ভিসাসহ সব কার্যক্রমও সম্পন্ন হয়েছে।
মন্ত্রী আরও বলেন, ‘আগামী ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে।’
এ ছাড়া, ২০২৭ সালের হজ প্যাকেজ প্রণয়ন ও ঘোষণার সময় হজযাত্রীদের সুযোগ-সুবিধা, চাহিদা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে।


