ফেসবুকে জুলাই আন্দোলন ঘিরে বিতর্কিত মন্তব্য প্রকাশের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
অভিযুক্ত শারাফাত শারিক রোহান বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৫৪তম ব্যাচের শিক্ষার্থী। বুধবার দুপুরে শের-ই-বাংলা এ কে ফজলুল হক হল থেকে তাকে প্রক্টর অফিসে নেওয়া হয় এবং পরে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানায গেছে, রোহানের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত দুটি পোস্ট ঘিরে ক্যাম্পাসে ক্ষোভের সৃষ্টি হয়। এক পোস্টে তিনি জুলাই আন্দোলনকারীদের ‘জুলাই জঙ্গি’ ও ‘জুলাই মুরতাদ’ বলে উল্লেখ করেন।
অন্য পোস্টে মুক্তিযুদ্ধ, জুলাই আন্দোলন এবং বিভিন্ন রাজনৈতিক দলের ভূমিকা নিয়ে মতামত প্রকাশ করেন। পোস্টগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা তাকে হল থেকে প্রক্টর অফিসে নিয়ে যান।
নিজের মন্তব্যের বিষয়ে শারাফাত শারিক রোহান জানান, মুক্তিযুদ্ধের ওপর আঘাত এসেছে–এমন ধারণা থেকে তিনি পোস্টগুলো করেছিলেন। শব্দচয়ন অসাবধানতাবশত ভুল হওয়ায় এই ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে বলে দাবি করেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. জাকির হোসেন জানান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইন-সংশ্লিষ্ট অভিযোগের কারণে প্রশাসনিক সিদ্ধান্তে ওই শিক্ষার্থীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন চূড়ান্ত ব্যবস্থা নেবে।


