শিক্ষক নিয়োগে এনটিআরসিএ বহালের দাবিতে জবিতে বিক্ষোভ

শিক্ষক নিয়োগে এনটিআরসিএ বহালের দাবিতে জবিতে বিক্ষোভ
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে এনটিআরসিএর (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ) কেন্দ্রীয় সুপারিশ পদ্ধতি বহাল রাখার দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা। কমিটি বা প্রতিষ্ঠানভিত্তিক নিয়োগ পদ্ধতির প্রস্তাবেরও প্রতিবাদ জানান তারা।

সোমবার বিকেল পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত লাইব্রেরি প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শিক্ষক নিবন্ধনধারী চাকরিপ্রত্যাশী ও মেধাভিত্তিক নিয়োগপ্রত্যাশীরা অংশ নেন।

মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক হয়ে জনসন রোডের দিকে যায়। এ সময় বিক্ষোভকারীরা ‘মেধার মূল্যায়ন চাই’, ‘এনটিআরসিএ বহাল রাখতে হবে’, ‘শিক্ষক নিয়োগে স্বজনপ্রীতি চলবে না’ ও ‘কমিটি পদ্ধতি মানি না, মানব না’-এসব স্লোগান দেন।

বিক্ষোভকারীরা বলেন, এনটিআরসিএর মাধ্যমে পরীক্ষা ও মেধার ভিত্তিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়। এই পদ্ধতির পরিবর্তে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে নিয়োগ দেওয়া হলে স্বচ্ছতা ও জবাবদিহিতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন

তাদের ভাষ্য, দেশের অনেক নিবন্ধনধারী চাকরিপ্রত্যাশী শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নিয়ে যোগ্যতা প্রমাণ করেছেন। মেধাভিত্তিক নিয়োগের ওপর আস্থা রেখেই তারা শিক্ষকতা পেশায় আসার প্রস্তুতি নিচ্ছেন। তাই নিয়োগব্যবস্থায় পরিবর্তন আনার আগে নিবন্ধনধারী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মতামত নেওয়া প্রয়োজন।

বিক্ষোভকারীদের দাবি, কেন্দ্রীয় ও প্রযুক্তিনির্ভর নিয়োগব্যবস্থা চালু থাকলে স্বচ্ছতা নিশ্চিত করা সহজ হয়। বিপরীতে প্রতিষ্ঠানভিত্তিক কমিটির মাধ্যমে নিয়োগে অনিয়ম, তদবির ও পক্ষপাতিত্বের সুযোগ তৈরি হতে পারে।

সমাবেশ থেকে এনটিআরসিএর কেন্দ্রীয় সুপারিশ ব্যবস্থা বহাল, মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত এবং প্রস্তাবিত নিয়োগ কাঠামো নিয়ে চাকরিপ্রত্যাশীদের উদ্বেগ বিবেচনার দাবি জানানো হয়। দাবি বাস্তবায়ন না হলে আরও বড় কর্মসূচিরও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad