কক্সবাজারে ইনানীতে একটি রিসোর্টে আগুন লেগে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। রিসোর্টের ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ছয়জন, তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে আছেন কি না, তা খতিয়ে দেখছেন উদ্ধারকর্মীরা। কাজেই হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এরইমধ্যে ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
শনিবার সকাল ৭টার দিকে উঠিয়ার পাটোয়ারটেকে ইনানী বিচের মেরিন ড্রাইভের টুপটুপ রেস্তো অ্যান্ড রিসোর্টে আগুন লাগে। সকাল ৭টা ২৫ মিনিটে আগুন লাগার খবরে পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সকাল ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। টানা চেষ্টার পর সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে বেলা ১১টার দিকে আগুন পুরোপুরি নেভানো হয়।
এর আগে ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, রিসোর্টের ভেতরে এখনো মরদেহগুলো পড়ে আছে। প্রাথমিকভাবে মৃত সবাই পর্যটক বলে ধারণা করা হচ্ছে।



স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন লাগার পরপরই রিসোর্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল ব্যক্তিরা ঘটনাস্থল থেকে চলে যান। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। একইভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণও নির্ধারণ করা সম্ভব হয়নি।


