মুন্সিগঞ্জের শ্রীনগরে বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন ১৬ জন।
শুক্রবার রাত ৩টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের হাসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী দর্শনা পরিবহনের একটি বাস সামনে থাকা কাভার্ডভ্যানকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে বাসটি সড়কের রেলিং ভেঙে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে ফায়ার সার্ভিস। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুর্ঘটনায় নিহত একজনের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি চুয়াডাঙ্গার বাসিন্দা রুকুনুজ্জামান রঞ্জু (৫৫)।
নিহত অপর দুজনের পরিচয় নিশ্চিতে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।


