সংগীতশিল্পী ও বিসিবির সাবেক পরিচালক আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার ভোর ৫ টার দিকে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের সামনে আসিফের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গুলির সময় আসিফ আকবর ওই গাড়িতে ছিলেন না। ঘটনার সময় তিনি বিশাল সেন্টারের ৩ তলায় তার স্টুডিওতে ছিলেন। গাড়িটি পার্ক করা ছিল। আসিফ আকবর সুস্থ ও নিরাপদে আছেন। কারা ঠিক কী কারণে এই হামলা চালিয়েছে তা নিয়ে তদন্ত চলছে।
এ হামলার সঙ্গে আসিফ আকবরের ব্যক্তিগত বা পেশাগত কোনো বিরোধের যোগসূত্র রয়েছে কি না সে বিষয়েও তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
বিএনপির রাজনীতিতে সক্রিয় আসিফ আকবর সংগীতাঙ্গনের পাশাপাশি ক্রিকেট অঙ্গনেও পরিচিত মুখ। এর আগে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।


