হবিগঞ্জ শহরের শায়েস্তানগর ট্রাফিক পয়েন্ট এলাকার মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে মো. আরিফ মিয়া নামে এক ভুয়া চিকিৎসক কে আটক করেছে এসআরবি ও জেলা প্রশাসনের যৌথ দল।
রোববার রাত ৮টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আরিফ মিয়া দীর্ঘদিন ধরে মীর মাহবুব রহমান পরিচয়ে ব্যবহার করে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসন, সিভিল সার্জন, এসআরবি-৯ এর যৌথ দল মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে, এ সময় আরিফ চারজন রোগী কে চিকিৎসা দিচ্ছিলেন এবং মীর মাহবুব রহমান নামের প্যাড ব্যবহার করে ঔষধ লিখে দেন।
অভিযানে তার ডাক্তারির কাগজপত্র চাইলে সে চিকিৎসাগত যোগ্যতা ও চিকিৎসাসেবা প্রদানের বৈধ কোন প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেননি। পরে তাকে আটক করে নিয়ে যাওয়া হয়।
অভিযানে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল নাদরুন বিন আকন, এসআরবির ক্যাপ্টেন মোশারফসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসআরবির ক্যাপ্টেন মোশারফ বলেন, আটক আরিফের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।


