ঢাকার আশুলিয়ায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচ থেকে সুজন হাওলাদার (৩৩) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বিকালে আশুলিয়ার এলিভেটেড এক্সপ্রেসওয়ের ৮১ নম্বর পিলারের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সুজন হাওলাদার ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার আমির হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্বজন সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকা থেকে নিখোঁজ হন সুজন। এদিন বিকালে আশুলিয়ায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারের নিচে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হাই জানান, নিহতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।


