চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্বৃত্তদের গুলিতে তারেক হোসেন বাপ্পী (২৬) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় তাফসির আলম শাওন (২২) নামে যুবদলের আরেক কর্মী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর এলাকায় সাদ্দামের অফিসের সামনে এ ঘটনা ঘটে। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত বাপ্পী সীতাকুণ্ডের মধ্যম মাহদাবাদ এলাকার মৃত আলী আহমদের ছেলে। আহত তাফসির আলম শাওন অলিনগর এলাকার ইউসুফের ছেলে।
নিহত বাপ্পীর ভাই রহিম খান বাবু জানান, শুক্রবার রাতে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন তার ভাই। এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। এতে তার সঙ্গে থাকা শাওনও গুলিবিদ্ধ হন।
জানা গেছে, মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে বাপ্পী ও শাওনের গতিরোধ করেন কয়েকজন ব্যক্তি। এ সময় তাদের ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। একপর্যায়ে এক ব্যক্তি পিস্তল বের করে বাপ্পীর বুকে গুলি করেন। এতে শাওনও গুলিবিদ্ধ হন।
পরে দুজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা তাদের ২ নম্বর ওয়ার্ডে পাঠান। সেখানে বাপ্পীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। শাওনকে হাসপাতালে ভর্তি করা হয়।
রহিম খান বাবু জানান, রাত দেড়টা পর্যন্ত শাওনের অস্ত্রোপচার করা সম্ভব হয়নি। তখন তার অবস্থাও আশঙ্কাজনক ছিল।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, গুলিতে তারেক হোসেন বাপ্পী নিহত হয়েছেন। আহত শাওন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।


