জিপিএ-৫ পেল শিহাব, কিন্তু সাফল্য ছোঁয়ার আগেই নিভে গেল প্রাণ

জিপিএ-৫ পেল শিহাব, কিন্তু সাফল্য ছোঁয়ার আগেই নিভে গেল প্রাণ
নিহত শিহাব। ফাইল ছবি
Advertisement
Advertisement

ফল প্রকাশের দিনটিতে আনন্দে মেতে ওঠার কথা ছিল শিহাবের। বাবা-মায়ের মুখে ফুটত গর্বের হাসি। কিন্তু সেই মাহেন্দ্রক্ষণ আসার ঠিক দুই দিন আগে হঠাৎ করে নিভে গেল সব আলো। এক দুর্ঘটনায় মারা গেছে শিহাব। অথচ সোমবার প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে সে পেয়েছে জিপিএ-৫।

নিহত শিহাব কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের মানরা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। সে ঢাকার বিমানবন্দর উচ্চবিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, তোফাজ্জল হোসেনের একমাত্র ছেলে শিহাবের দুই ছোট বোন রয়েছে। গত বৃহস্পতিবার ছোট চাচা তাজুল ইসলামের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পরিবারের সঙ্গে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসে সে।

শনিবার দুপুরে গোসল শেষে বাড়ির ছাদে কাপড় শুকাতে গিয়ে বিয়ের ডেকোরেশনের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয় শিহাব। গুরুতর অবস্থায় তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শনিবার সন্ধ্যায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সোমবার ফল প্রকাশের পর দেখা যায়, ফলাফলের তালিকায় জ্বলজ্বল করছে শিহাবের নাম–পেয়েছে জিপিএ-৫। যে ফল পাওয়ার আনন্দে স্বজনদের বাঁধভাঙা উচ্ছেসে মেতে ওঠার কথা ছিল, সেই ফল পরিবারটির কাছে গভীর কান্নার উপলক্ষ হয়ে উঠেছে।

শশীদল ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ ও ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নি ইসলাম ঘটনাটিকে হৃদয়বিদারক বলে উল্লেখ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং স্থানীয়ভাবে পরিবারটির পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad