নব্বইয়ের দশকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসজীবন থেকে মিরপুরের গার্মেন্টসের ঝুট ব্যবসা, পারিবারিক বন্ধন ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির সংগ্রাম, ভিন্ন ভিন্ন গল্প নিয়ে দুর্গাপূজার ছুটিতে মুক্তি পাচ্ছে চারটি বাংলাদেশি সিনেমা।
১৬ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘চিরকুট’, ‘কাট-পিস’ ও ‘স্নেহের বন্ধন’। আর ২৩ অক্টোবর প্রেক্ষাগৃহে আসবে ‘অন্যপাতা’।
চিরকুট: নব্বইয়ের দশকের ক্যাম্পাসজীবন
মুনতাসির আকিব পরিচালিত ‘চিরকুট’ নির্মিত হয়েছে নব্বইয়ের দশকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা অবলম্বনে। এতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, আজিজুন মিম, কাজী নওশাবা আহমেদ, সুমন পাটোয়ারী, তেহজীব, আবদুল্লাহ আল সেন্টু, সঞ্জীব আহমেদ, শাওন আশরাফ, ইকবাল, আজমল মিঠু, সিয়াম নাসির, শিমুল, সাদি খান, শামীম আহসান, শেখ চাঁদনী, মাহিরা হাসান ও ইব্রাহিম সুজন।
সিনেমাটিতে আরও অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ২৫০ থেকে ৩০০ শিক্ষার্থী। ক্যাম্পাসের স্মৃতিময় সময় ও নব্বইয়ের দশকের একটি উল্লেখযোগ্য ঘটনা তুলে ধরার মধ্য দিয়ে দর্শকদের সেই সময়ে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেছে ছবিটি।
কাট-পিস: মিরপুরের ঝুট ব্যবসার গল্প
ইফফাত জাহান মমো পরিচালিত ‘কাট-পিস’ তার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা। অ্যাকশনধর্মী ছবিটির গল্প গড়ে উঠেছে মিরপুরের ঝুটপট্টিকে কেন্দ্র করে। গার্মেন্টসশিল্পের বর্জ্যনির্ভর এই ব্যবসায় রাজনীতি, ক্ষমতার দ্বন্দ্ব ও প্রভাব বিস্তারের নানা দিক উঠে এসেছে এতে।
ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন শিফাত আমিন শুভ ও রাফাহ নানজেবা তোরসা। খলচরিত্রে রয়েছেন ইমরান আহমেদ সওদাগর। আরও অভিনয় করেছেন এলিনা শামী, বাপ্পী আশরাফ, সাইফুল কবির, শাহজাদা সম্রাট ও সামি দোহা।
বাস্তব লোকেশনে চিত্রায়িত ছবিটিতে কোনো স্টান্ট ডাবল ব্যবহার করা হয়নি। স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস ও লায়ন সিনেমাসসহ ২৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘কাট-পিস’।
স্নেহের বন্ধন: ভালোবাসা ও পারিবারিক মূল্যবোধ
কামরুজ্জামান পরিচালিত ‘স্নেহের বন্ধন’ সামাজিক, পারিবারিক ও অ্যাকশনধর্মী সিনেমা। বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত ছবিটির মুক্তি কয়েক দফা পিছিয়েছে।
এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মৌ খান ও জয় চৌধুরী। আরও রয়েছেন সাবেরী আলম, সুব্রত বড়ুয়া, রাশেদা চৌধুরী ও কাজী হায়াৎ। ছবিতে মৌ খান এমন এক নারীর চরিত্রে অভিনয় করেছেন, যিনি ভালোবাসা ও পারিবারিক মূল্যবোধ রক্ষায় যেকোনো পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত।
লায়ন সিনেমাস ও সৈনিক ক্লাবসহ ১৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
অন্যপাতা: শিক্ষার্থীদের উদ্যোগে সিনেমা
বড় কোনো প্রযোজনা প্রতিষ্ঠানের সহায়তা ছাড়াই দুই বছর ধরে নির্মিত হয়েছে ‘অন্যপাতা’। পরিবার ও সমাজের প্রত্যাশা, আর্থিক সংকট, ভালোবাসা, আত্মপরিচয় এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির লড়াই উঠে এসেছে সিনেমাটিতে।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থী মোহাম্মদ শাহজাহান ছবিটির কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে রয়েছেন। এসজেএ প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটির প্রযোজক অঙ্কন দে ও আবতাহী শামস। ব্যক্তিগত সঞ্চয় এবং টিউশনি থেকে পাওয়া অর্থ দিয়ে ছবিটি নির্মাণে অর্থায়ন করেছেন শিক্ষার্থীরা।
বুয়েট, চুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৪০ জনের বেশি শিক্ষার্থী এই উদ্যোগে যুক্ত হয়েছেন। ছয় সদস্যের প্রতিষ্ঠাতা দলটির উদ্যোগে নির্মিত ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাহরিয়ার শাকিল ও প্রত্যাশা ঘোষ।
১০০ মিনিটের সিনেমাটিতে রয়েছে ছয়টি মৌলিক গান। ২৩ অক্টোবর ঢাকা, চট্টগ্রাম, যশোর ও সিলেটে মুক্তি পাবে ‘অন্যপাতা’। পরে রাজশাহী, কুমিল্লাসহ দেশের অন্যান্য স্থানেও ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে।


