সাজা ভোগ না করে হাসিনা দেশে ফিরতে পারবেন না: মীর হেলাল

সাজা ভোগ না করে হাসিনা দেশে ফিরতে পারবেন না: মীর হেলাল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভায় বক্তব্য দেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বুধবার। ছবি: টাইমস
Advertisement
Advertisement

আত্মসমর্পণ ও সাজা ভোগ না করে শেখ হাসিনা কোনোভাবে দেশে প্রবেশ করতে পারবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘শেখ হাসিনা বিভিন্ন সময়ে দেশে ফেরার কথা বললেও নির্দিষ্ট বছর উল্লেখ করতে পারেন না। স্পষ্ট করে বলতে চাই, এই স্বৈরাচারী সাজা ভোগ না করে দেশে প্রবেশ করতে পারবেন না। তাকে আত্মসমর্পণ করেই ফিরতে হবে।’

তিনি আরও বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকার ও সংসদের ২১৩টি আসনের প্রতিনিধিত্বকারী দল হিসেবে আমাদের প্রধান জবাবদিহিতা জনগণের কাছে। জুলাই-আগস্টের গণহত্যাসহ গত ১৭ বছরের গুম, খুন ও নির্যাতনের প্রতিটি অপরাধের বিচার দেশের প্রচলিত আইনে নিশ্চিত করা হবে।’

আরও পড়ুন

‘জুলাই সনদ ২০২৫’ বাস্তবায়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার অনুযায়ী ‘জুলাই জাতীয় সনদ’ নোট অব ডিসেন্টসহ সম্পূর্ণরূপে বাস্তবায়ন করা হবে। সংবিধানে প্রয়োজনীয় সংশোধনের লক্ষ্যে ইতোমধ্যে ১৭ সদস্যের সংবিধান সংশোধন কমিটি গঠিত হয়েছে এবং কার্যক্রম শুরু হয়েছে। এ প্রক্রিয়ায় সহায়তার জন্য তিনি জামায়াতে ইসলামীকে তাদের বরাদ্দের পাঁচটি পদে প্রতিনিধির নাম দেওয়ার আহ্বান জানান।

এ ছাড়া, বিশ্ববিদ্যালয়ের নয়জন শিক্ষকের বিরুদ্ধে প্রকাশ্যে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলে ধরে ক্যাম্পাসে কোনো অপশক্তিকে প্রশ্রয় না দিয়ে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে ‘ইতিহাসের আয়নায় জুলাই গণঅভ্যুত্থান: ভাবাদর্শের রূপান্তর ও বাস্তবতার অভিঘাত’ শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপাচার্য মোহাম্মদ আল্-ফোরকানের উদ্বোধনে সভায় বিশেষ অতিথি ছিলেন উপউপাচার্য (প্রশাসন) মো. সফিকুল ইসলাম এবং সভাপতিত্ব করেন উপউপাচার্য (একাডেমিক) মোহাম্মদ আল-আমীন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad