কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় চায়না রানী বিশ্বাস (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী বিদ্যুৎ কুমার বিশ্বাস।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বিআরবি কেবলসের সামনে চার লেন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চায়না রানী চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রথতলা পাড়ার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অসুস্থ স্ত্রীকে ডাক্তার দেখাতে মোটরসাইকেলে করে কুষ্টিয়া শহরে যাচ্ছিলেন বিদ্যুৎ কুমার। বিআরবি কেবলসের সামনে সড়কের এক পাশের নির্মাণকাজ অসম্পূর্ণ থাকায় বিপরীত পাশ দিয়ে যাওয়ার সময় পেছন থেকে একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক চায়না রানীকে মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন বলেন, ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে। তাকে শনাক্তের চেষ্টা চলছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


