তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলায় সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য দীপেন দেওয়ান। বুধবার রাঙামাটি জেলা পুলিশের আয়োজনে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
“মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি—সুস্থ-সবল জীবন গড়ি” এই প্রত্যয়ে রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের আয়োজনে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
রাঙামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমরানুল হক ভূঁইয়া।
এমপি দীপেন দেওয়ান বলেন, ‘তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে। মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে এমন আয়োজন নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তরুণদের ইতিবাচক শক্তিকে কাজে লাগানোর অন্যতম প্রধান মাধ্যম হলো খেলাধুলা ও সংস্কৃতি।”
তিনি আরও উল্লেখ করেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে একটি মর্যাদাপূর্ণ পেশা হিসেবে গড়ে তুলতে এবং ক্রীড়াবিদদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ নিয়েছেন।
আলোচনা সভা শেষে জেলার থানা পর্যায়ের চ্যাম্পিয়ন জুরাছড়ি বালক ও বালিকা দল এবং রানার্স আপ কাউখালী থানা দলের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি।


