নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মো. হাবিবুল্লাহ শেখ ওরফে নাসিম (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে উপজেলার কাঁচপুর ইউনিয়নের লালআটি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারিক বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত যুবক নারায়ণগঞ্জ সদরের দেওভোগ এলাকার মোশাররফ হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে মদনপুর-জয়দেবপুরের লালআটি এলাকায় এশিয়ান হাইওয়ের সড়কের পাশেই পড়ে ছিল মরদেহটি। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
সোনারগাঁ তালতলা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. জসিম উদ্দিন বলেন, মরদেহের পাশেই তার জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। এতে সহজেই তার নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়। নিহতের বুকে ছুরির আঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


