রাজশাহী নগরীর শাহ্ মখদুম থানার তালপুকুরিয়া এলাকায় একটি আমবাগান থেকে ১৬টি ককটেল ও চারটি পেট্রলবোমা-সদৃশ বস্তু উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
বুধবার রাত দেড়টার দিকে এসআরবি-৫ এর রাজশাহী সিপিএসসি কোম্পানির একটি দল অভিযান চালিয়ে এসব উদ্ধার করে।
এসআরবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তালপুকুরিয়া এলাকায় অভিযান চালায় এসআরবি সদস্যরা। এ সময় আমবাগানে পরিত্যক্ত অবস্থায় দুটি শপিং ব্যাগ দেখতে পান তারা। পরে বোমা নিষ্ক্রিয়করণ দলের সহায়তায় ব্যাগ দুটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় ব্যাগ থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো ১৬টি ককটেল ও চারটি পেট্রলবোমা-সদৃশ বস্তু উদ্ধার করা হয়।
এসব বস্তু পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সাধারণ ডায়েরির মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানায় এসআরবি।


