সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আট নেতাকর্মীকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। একই অভিযোগে শাখা ছাত্রদলের এক যুগ্ম আহ্বায়ককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
রোববার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ থেকে পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এসব সিদ্ধান্ত অনুমোদন করেন।
বহিষ্কার হওয়া ব্যক্তিরা হলেন জবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজ শাহরিয়ার, সদস্য মো. ইসরাফিল ইসলাম রাফিল, মাসুম রেজা, ইয়াসিন সাইফ, ইমরান হোসেন ইমন, মনিরুজ্জামান মনির, মো. সৌরভুর রহমান সুজন এবং ছাত্রনেতা কাব্য সাহা। তাদের মধ্যে প্রথম সাতজনকে সাংগঠনিক পদ থেকে এবং কাব্য সাহাকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
অন্যদিকে, জবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাহিয়ান বিন অনিককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে।
নোটিশ অনুযায়ী, নাহিয়ান বিন অনিককে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে নয়াপল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এর আগে এদিন ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে জবি শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন এবং যুগ্ম আহ্বায়ক নাহিয়ান বিন হক অনিকের গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন আহত হন।
গত ১৬ সেপ্টেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে সংগঠনটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা এলাকায় ওই সংঘর্ষে কয়েকজন আহত হন। ওই ঘটনার পর সংগঠনটির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এসব ব্যবস্থা নেওয়া হলো।
কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা পৃথক বিজ্ঞপ্তিতে বহিষ্কার ও কারণ দর্শানোর নোটিশের তথ্য জানানো হয়েছে।


