কুড়িগ্রামে জুলাইয়ের অনুষ্ঠানে সাংবাদিক পেটাল বিএনপি-ছাত্রদল

কুড়িগ্রামে জুলাইয়ের অনুষ্ঠানে সাংবাদিক পেটাল বিএনপি-ছাত্রদল
হাসপাতালে চিকিৎসাধীন ‘স্টার নিউজ’-এর জেলা প্রতিনিধি মোহাম্মদ জুবাইর, বুধবার। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কুড়িগ্রামের উলিপুরে ‘স্টার নিউজ’-এর জেলা প্রতিনিধি মোহাম্মদ জুবাইরের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপি ও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে।

বুধবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগী সাংবাদিক অভিযোগ করেন।

ঘটনার পর সেখানে থাকা পুলিশ সদস্যরা জুবাইরকে উদ্ধার করে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরবর্তীতে তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে মাথায় আঘাতের কারণে চিকিৎসক তাকে সিটি স্ক্যান করার পরামর্শ দেন।

হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক জুবাইর জানান, পেশাগত দায়িত্ব পালন ও গণঅভ্যুত্থান দিবসের সংবাদ সংগ্রহ করতে তিনি অডিটোরিয়ামে যান। সে সময় ভেতরে বক্তব্য চলছিল। হঠাৎ শামীম নামের এক স্থানীয় বিএনপিকর্মীসহ কয়েকজন তাকে টেনে বাইরে বের করেন এবং একটি মোটরসাইকেলে উঠতে বলেন। তিনি রাজি না হলে শামীমসহ কয়েকজন তাকে এলোপাতাড়ি মারধর করেন।

আরও পড়ুন

জুবাইর বলেন, ‘তারা মাথা লক্ষ্য করে মারধর করেছে। কী কারণে আক্রমণ করা হয়েছে তা জানা নেই। তবে সাংবাদিকতা বা লেখালেখিতে বিক্ষুব্ধ হয়ে তারা হামলা চালিয়ে থাকতে পারে। হামলাকারীরা সবাই বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মী।’

ঘটনার সময় অডিটোরিয়ামে কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য (এমপি) মাহবুবুল আলম সালেহী, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উলিপুর থানার উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং বিএনপি ও ছাত্রদলের স্থানীয় বিভিন্ন স্তরের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানস্থলে উপস্থিত উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক উল্লেখ করে বলেন, ‘অডিটোরিয়ামের ভেতরে গোলযোগের শব্দ শুনে ওসিসহ আমরা বাইরে এসে পরিস্থিতি সামাল দিই। ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

উলিপুর থানার ওসি জানান, হামলার পরপরই পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে। আহত সাংবাদিক লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad