বরগুনার লাকুরতলা সোনারবাংলা মাধ্যমিক বিদ্যালয়ে হিস্টিরিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছে ২০ শিক্ষার্থী। মঙ্গলবার দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে।
তাদের মধ্যে ৯ জনকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ১১ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে অভিভাবকদের তত্ত্বাবধানে বাড়ি পাঠানো হয়েছে।
লাকুরতলা সোনারবাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসাইন জানান, ক্লাশ চলাকালীন সময়ে সপ্তম শ্রেণীর এক ছাত্রী হঠাৎ শ্বাসকষ্ট নিয়ে অসুস্থ হয়ে পড়ে। এরপর ৩০ মিনিটের মধ্যে বিদ্যালয়ের সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণীর আরও ১৯ শিক্ষার্থীর শ্বাসকষ্ট শুরু হয়। এসময় শিক্ষার্থীদের অভিভাবকদের খবর দেওয়ার পর তারা স্থানীয় প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক থেকে প্রাথমিক চিকিৎসা শেষে ১১ শিক্ষার্থীকে বাড়ি নিয়ে যায়।
এছাড়া বাকি ১১ শিক্ষার্থীকে অ্যাম্বুলেন্সে বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ৯ জনকেই হাসপাতালে ভর্তি রাখেন।
বরগুনার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নিহার রঞ্জন বৈদ্য জানান, ‘শিক্ষার্থীদের শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসার পর তাদের চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে। যে ৯ জনকে আনা হয়েছে তারা সবাই হিস্টিরিয়ায় আক্রান্ত হয়েছে। তবে, তারা সবাই পুরোপুরি আশঙ্কামুক্ত।’
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মতিন বলেন, শিক্ষার্থীদের খোঁজ খবর নেওয়া হচ্ছে। সব শিক্ষার্থীদের চিকিৎসার সকল খরচ বিদ্যালয় কর্তৃপক্ষ থেকে বহন করা হবে। কারো উন্নত চিকিৎসা প্রয়োজন হলে সেই ব্যবস্থাও নিশ্চিত করা হবে।


