উন্নত জাতি হিসেবে গড়ে উঠতে হলে এ দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে কোনো প্রকার হেলাফেলা করা যাবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আবদুল মঈন খান।
মঙ্গলবার সন্ধ্যায় নরসিংদী পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, মানুষ মনে করে যুক্তরাষ্ট্র আধুনিক অস্ত্র গোলাবারুদ দিয়ে সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। বাস্তবে তারা শিক্ষাব্যবস্থাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার কারণেই ওই পরিচিতি পেয়েছে। দেশকে শক্তিশালী পর্যায়ে নিয়ে যেতে হলে শিক্ষকদের ভূমিকা অপরিসীম।
তরুণ সমাজকে সঠিক পথের শিক্ষা দিয়ে তাদের সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করার আহ্বান জানান মঈন খান।
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসতিয়াক আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খান ফাউন্ডেশন ও দি মিলেনিয়াম ইউনিভার্সিটির চেয়ারপারসন রোখসানা খন্দকার। আরও বক্তব্য দেন, জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জল হোসেন মাস্টার, পলাশ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সুলতান উদ্দিনসহ বিভিন্ন নেতারা।


