রাজধানী ঢাকার ভাটারায় একটি বাসায় এইচএসসি পরীক্ষার্থীকে আটকে রেখে মাদক সেবনের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল ও টাকা আদায়ের অভিযোগে দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে ভাটারার জোয়ার সাহারা বাজারসংলগ্ন একটি ভবনের পাঁচ তলার একটি বাসা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন সাকিব ও ওয়াসিদ ও জিল। তারা প্রায়ই ওই বাসায় মাদক সেবন করতেন বলে অভিযোগ রয়েছে।
পুলিশ জানিয়েছে, আটক ওয়াসিদ ও সাকিব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আর জিল এইচএসসি পরীক্ষার্থী। কিছুদিন আগে ওয়াসিদের সঙ্গে তার পরিচয় ও সখ্যতা গড়ে ওঠে। ওয়াসিদ ও সাকিব আগে থেকেই পরস্পরের বন্ধু।
আটক জিলের বরাত দিয়ে পুলিশ আরও জানায়, সকালে ওয়াসিদ তাকে জোয়ার সাহারা বাজারসংলগ্ন ভবনের ওই বাসায় নিয়ে যান। বাসাটি সাকিবের নানার। সেখানে ওয়াসিদ, সাকিব ও তিনি ছাড়া আর কেউ ছিলেন না। একপর্যায়ে তারা তিন জন মিলে ইয়াবা ও হেরোইন সেবন করেন। পরে ওয়াসিদ তার ইয়াবা সেবনের ভিডিও ধারণ করে টাকার জন্য ব্ল্যাকমেইল শুরু করেন। তিনি বিকাশের মাধ্যমে ওয়াসিদকে দুই হাজার টাকা দেন। কিন্তু এরপরও আরও টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে ওয়াসিদ ও সাকিব তার ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে নেন এবং তাকে বাসার ভেতরে তালাবদ্ধ করে রাখেন।
এরপর ওই বাসার বারান্দা থেকে সে চিৎকার শুরু করলে ভবনের নিচে থাকা লোকজনের বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তারা জাতীয় জরুরি সেবা নম্বরে কল করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে।
ভাটারা থানার এসআই মওদুদ জানান, জাতীয় সেবা নম্বরে একটি বাসায় কয়েকজনের মাদক সেবনের তথ্য পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও এক এইচএসসি পরীক্ষার্থীকে আটক করে। ঘটনাটিকে কেন্দ্র করে টাকা দাবি এবং ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগও পাওয়া গেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনার প্রকৃত কারণ, ব্ল্যাকমেইল ও টাকা আদায়ের অভিযোগ এবং মাদক সেবনের বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


