আন্তর্জাতিক বিভিন্ন সাময়িকীতে প্রকাশের পর প্রত্যাহার হওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কয়েকজন গবেষকের গবেষণা প্রবন্ধ নিয়ে ওঠা অনিয়মের অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমানের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
ওই আদেশে সংশ্লিষ্ট অভিযোগগুলোর সত্যতা যাচাই, প্রবন্ধ প্রত্যাহারের পেছনের কারণ অনুসন্ধান এবং সার্বিক বিষয় পর্যালোচনা করে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।
কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ডিন অধ্যাপক মাহবুব কবির।
এ ছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ জাহিদুর রহমান, মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক মো. সালেকুল ইসলাম, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মামুন অর রশিদ এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন উপ-রেজিস্ট্রার (সাধারণ প্রশাসন) মো. মেহতাব-উজ-জাহিদ।
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন গবেষকের আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত একাধিক গবেষণা প্রবন্ধ প্রত্যাহার এবং এ-সংক্রান্ত অনিয়মের অভিযোগ প্রকাশের পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।


