বিশ্বজুড়ে ক্রমবর্ধমান চাপের মুখে লেবাননের সঙ্গে দ্রুত সরাসরি আলোচনা শুরু করতে নিজের মন্ত্রিসভাকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার হিব্রু ভাষায় দেওয়া এক বিবৃতিতে তিনি এই ঘোষণা দেন।
নেতানিয়াহু জানান, সরাসরি আলোচনার জন্য লেবাননের পক্ষ থেকে বারবার আহ্বানের পরিপ্রেক্ষিতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এই আলোচনার মূল লক্ষ্য হবে ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীকে নিরস্ত্র করা এবং ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপন করা।
ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই ঘোষণার আগে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এক বিবৃতিতে বলেছিলেন, দুই পক্ষের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করাই বর্তমান সংকটের ‘একমাত্র সমাধান’।
সম্প্রতি যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি চুক্তি হলেও লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত ছিল। এই হামলার কারণে বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে এবং জাতিসংঘ সতর্ক করে, এর ফলে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তিটি পুরোপুরি ভেঙে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
সংঘাত বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের ওপর ব্যাপক চাপ তৈরি হচ্ছিল। এমন এক পরিস্থিতির মধ্যেই নেতানিয়াহুর পক্ষ থেকে আলোচনার এই সবুজ সংকেত এল।


