পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে শুরু হয়েছে প্রথম ইউনিটে জ্বালানি (ফুয়েল) লোডিং কার্যক্রম, যা দেশের জ্বালানি খাতে এক নতুন যুগের সূচনা হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘ পরিকল্পনা ও নির্মাণপর্ব শেষে এই ধাপের মাধ্যমে বাংলাদেশ প্রথমবারের মতো কার্যকরভাবে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে প্রবেশ করছে।
আন্তর্জাতিক সংজ্ঞা অনুযায়ী, একটি নবনির্মিত রিয়্যাক্টরের কোরে প্রথমবারের মতো জ্বালানি অ্যাসেম্বলি স্থাপন করাই ‘প্রথম ফুয়েল লোডিং’। এই প্রক্রিয়ার মধ্য দিয়েই একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণপর্ব পেরিয়ে উৎপাদনমুখী অবকাঠামোয় রূপ নেয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ১ নম্বর ইউনিটে মোট ১৬৩টি ফুয়েল অ্যাসেম্বলি ধাপে ধাপে রিয়্যাক্টরে স্থাপন করা হবে, যেখানে প্রশিক্ষিত অপারেটরদের পাশাপাশি রাশিয়ার বিশেষজ্ঞরাও সহায়তা দিচ্ছেন।
ফুয়েল লোডিংয়ের আগে কঠোর অপারেশনাল প্রস্তুতি নিশ্চিত করা হয়েছে বলে জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে সব প্ল্যান্ট সিস্টেমের নির্মাণ ও স্থাপন কাজ সম্পন্ন করা, আন্তর্জাতিক মানদণ্ড—বিশেষ করে আন্তর্জাতিক পারমানবিক শক্তি সংস্থার নিরাপত্তা নির্দেশিকা অনুসরণ এবং প্রি-অপারেশনাল কমিশনিং পরীক্ষার সফল সমাপ্তি। একই সঙ্গে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন, প্রশিক্ষিত জনবল প্রস্তুত এবং নিরাপত্তা ও সেফগার্ডস অবকাঠামো গড়ে তোলাও নিশ্চিত করা হয়েছে।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ফুয়েল লোডিংয়ের আগে ডামি ফুয়েল অ্যাসেম্বলির মাধ্যমে মহড়া, রিফুয়েলিং যন্ত্রপাতির প্রস্তুতি যাচাই এবং আন্তর্জাতিক নিরাপত্তা পর্যালোচনা সম্পন্ন করা হয়েছে। জাতীয় নিয়ন্ত্রক সংস্থা থেকে প্রয়োজনীয় লাইসেন্স ও নিরাপত্তা ছাড়পত্রও পাওয়া গেছে।
রূপপুরের জন্য আনা ‘ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল’ মূলত ইউরেনিয়াম ডাইঅক্সাইডের ক্ষুদ্র পেলেট, যার প্রতিটির ওজন প্রায় ৪ দশমিক ৫ থেকে ৫ গ্রাম। বিশেষজ্ঞদের মতে, এত ছোট একটি পেলেট থেকেই এক টন কয়লার সমপরিমাণ তাপ উৎপাদন সম্ভব, যা পারমাণবিক শক্তির উচ্চ দক্ষতার একটি বড় উদাহরণ। কার্বন নিঃসরণ ছাড়াই এই জ্বালানি থেকে বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
তবে সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল লোডিং শুরু হলেও এটি প্রকল্পের শেষ ধাপ নয়। এর পরবর্তী ধাপগুলোতে রিয়্যাক্টর চালু, ধাপে ধাপে ক্ষমতা বৃদ্ধি এবং বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার আগে আরও বিভিন্ন পারমাণবিক পরীক্ষা সম্পন্ন করতে হবে। একটি পূর্ণ সক্ষম পরিচালনাকারী প্রতিষ্ঠান, শক্তিশালী নিয়ন্ত্রক কাঠামো এবং জাতীয় অবকাঠামোর সমন্বয় নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।
সব মিলিয়ে, রূপপুরে জ্বালানি লোডিং কার্যক্রম বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও বিদ্যুৎ উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে, যদিও সামনে রয়েছে আরও সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ কয়েকটি ধাপ।


