রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক সমাবেশে দফায় দফায় পুলিশের লাঠিপেটা, জলকামান ও সাউন্ড নিক্ষেপের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতর অবস্থান কর্মসূচি শুরু করেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা। রোববার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি শুরু হয়। এতে সারাদেশ থেকে আসা বিপুলসংখ্যক শিক্ষক অংশ নেন।
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণপ্রত্যাশী জোট এ কর্মসূচির আয়োজন করে। দাবি পূরণ না করা পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

পূর্ব ঘোষিত এ কর্মসূচিতে ভোর থেকে প্রেসক্লাবের সামনে জড়ো হতে শুরু করেন দেশের বিভিন্ন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা শিক্ষকরা। এতে পল্টন থেকে হাইকোর্টের সামনের কদম ফোয়ারা অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এ সমাবেশ ছত্রভঙ্গ করতে বেলা ১টা ৫০ মিনিটের দিকে প্রেস ক্লাবের সামনে অবস্থান চালিয়ে যাওয়া শিক্ষকদের ওপরে চড়াও হয় পুলিশ।
জলকামান ও সাউন্ড গ্রেনেডে শিক্ষকরা ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পর পুলিশ শিক্ষকদের ওপর লাঠিচার্জ করে। তবে শিক্ষকরা দফায় দফায় রাস্তায় ফিরে এসে অবস্থান নেন এবং শ্লোগান দিতে থাকেন।
পরে প্রেসক্লাবে সামনের সড়ক থেকে সরে শহীদ মিনারে অবস্থান নেওয়ার ঘোষণা দেন জাতীয়করণপ্রত্যাশী জোটের নেতারা। শিক্ষক নেতাদের নেতৃত্বে একটি অংশ মিছিল নিয়ে শহীদ মিনারের দিকে চলে যায়।

আরেকটি পক্ষ প্রেসক্লাবের সামনের অবস্থান অব্যাহত রাখতে চান। একই সঙ্গে তারা সচিবালয় অভিমুখে লংমার্চ করার ঘোষণা দেন। এতে সেখানে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।
এর আগে, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের গত ১৩ আগস্ট জাতীয় প্রেস ক্লাবের শিক্ষক সমাবেশে কয়েক হাজার শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন।
ওইদিন শিক্ষা উপদেষ্টা শিক্ষক নেতাদের সঙ্গে আলোচনায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেসিকের ২০ শতাংশ বাড়ি ভাড়া, দেড় হাজার টাকা চিকিৎসাভাতা ও কর্মচারীদের উৎসবভাতা বাড়িয়ে ৭৫ শতাংশ করার প্রতিশ্রুতি দেন।
শিক্ষকদের অভিযোগ, কিন্তু দুই মাস পার হলেও তাদের দাবি পূরণ হয়নি। উপরন্তু গত ৫ অক্টোবর শিক্ষক দিবসে মাত্র ৫০০ টাকা বাড়ি ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়, যাতে ক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষকরা।


