বাংলাদেশ-মায়ানমার সীমান্তের পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু এলাকায় মাইন বিস্ফোরণে এক বিজিবি সদস্যের পা উড়ে গেছে। সীমান্তের ৪১ নম্বর পিলারের কাছে রোববার বেলা সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।
আকতার হোসেনের নামের ওই ব্যক্তি ৩৪ বিজিবি রেজু আমতলী সীমান্ত চৌকির (বিওপি) দায়িত্বরত নায়েক। মাইন বিস্ফোরণে তার ডান পায়ের গোড়ালি আলাদা হয়ে যায় এবং বাম পা গুরুতর আহত হয়।
বিজিবির ৩৪ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল খায়রুল আলম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানিয়েছে, আহত আকতার হোসেনকে উদ্ধার করে রামু সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি আহত ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিজিবি সুত্র মতে, তুমব্রু সীমান্তের ৪১ নম্বর পিলারের কাছাকাছি রেজু আমতলী বিওপির আওতাধীন এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে বিজিবির প্রস্তাবিত অস্থায়ী চৌকিতে টহলরত অবস্থায় মাইন বিস্ফোরণের এই ঘটনা ঘটে।
এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজাহারুল ইসলাম চৌধুরী বলেন, নাইক্ষ্যংছড়ির পেয়ারাবুনিয়া সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বিজিবির এক সদস্য আহত হয়েছেন বলে জানতে পেরেছি। বিস্তারিত তথ্য এখনও পাইনি।
দুর্গম পাহাড় আর গভীর অরণ্যে ঘেরা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের নোম্যান্স ল্যান্ডে অসংখ্য স্থলমাইন পুঁতে রেখেছে মিয়ানমার। ফলে প্রায় সময় ওই এলাকায় মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অনেক সময়ই বাংলাদেশি নাগরিক আহত হন।


