অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আসন্ন নির্বাচন নিয়ে কোনো থ্রেট (হুমকি) নেই। আগামী নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসবমুখর।’
তিনি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সংশ্লিষ্ট সবাই যেন সেভাবেই কাজ করে, তার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। সবাই সমন্বিতভাবে কাজ করলে নির্বাচনে কোনো ধরণের সমস্যা হবে না।’
বুধবার সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি, কৃষি উৎপাদন, সার, বীজ ও সেচ ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন স্বরাষ্ট্র উপদেষ্টা। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন তিনি।
গাজীপুরকে ‘হ্যাপেনিং সিটি’ উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘এখানে অনেক কিছুই ঘটে, সবকিছু সত্যি না।’
তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সদস্যদের জামিনের বিষয়ে বলেন, ‘এটি আদালতের এখতিয়ার। তবে জামিনে এসে তারা যদি অপরাধ করে সেটা করতে দেওয়া হবে না।’
‘পার্শ্ববর্তী দেশ অনেক গুজব রটায়’ দাবি করে উপদেষ্টা জানান, দেশের মিডিয়ায় সত্য ঘটনা আসার কারণে গুজব অনেক কমে গেছে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন।


