জুলাই গণঅভ্যুত্থানের সময়ে দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া বাংলাদেশ পুলিশের অস্ত্র উদ্ধার করে দিলে পুরস্কার ঘোষণা করেছে সরকার। বুধবার পুলিশ হেডকোয়ার্টার্স এ পুরস্কারের অর্থমূল্য ঘোষণা করে।
হেডকোয়ার্টার্স জানিয়েছে, অস্ত্রের প্রকৃত সন্ধানদাতাদের পুরস্কৃত করা হবে। লুট হওয়া পিস্তল ও শটগান উদ্ধার করলে ৫০ হাজার টাকা, চায়না রাইফেল উদ্ধার করলে ১ লাখ, এসএমজি দেড় লাখ, এলএমজি ৫ লাখ ও প্রতি গুলির ক্ষেত্রে ৫০০ টাকা করে পুরস্কার দেওয়া হবে।
পুলিশ সদর দপ্তর থেকে আরও জানানো হয়, সন্ধানদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। অস্ত্রের প্রকৃত সন্ধানদাতাকে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
এর আগে, ১০ আগস্ট লুন্ঠিত অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুরস্কারের ঘোষণা দেওয়া হয়।
জুলাই অভ্যুত্থানের পর পুলিশের বিভিন্ন স্থাপনা থেকে ৫ হাজার ৭৫০টি আগ্নেয়াস্ত্র লুট হয়। সে সময় গোলাবারুদ লুট হয় ৬ লাখ ৫১ হাজার ৬০৯টি।


