ভারতীয় বংশোদ্ভূত ইসলামি বক্তা জাকির নায়েকের এ মুহূর্তে ঢাকায় আসা হচ্ছে না। তাকে আপাতত বাংলাদেশে আসার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে মঙ্গলবার আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনের জন্য একটি প্রতিষ্ঠান জাকির নায়েককে ঢাকায় আমন্ত্রণ জানায়। তাকে ঢাকার বাইরেও নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়।
এর মধ্যে এই ইসলামি বক্তার ঢাকায় আসা নিয়ে ব্যাপক আলোচনার মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্ত জানায়।
আয়োজিত ওই সভায় বলা হয়, জাকির নায়েক বাংলাদেশে এলে প্রচুর জনসমাগম হবে। যা নিয়ন্ত্রণে প্রচুর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের প্রয়োজন। কিন্তু এ মুহূর্তে এত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এক জায়গায় মোতায়েন করা সম্ভব নয়।
জাতীয় নির্বাচনের পরই তিনি ঢাকায় আসতে পারবেন বলে সভায় সিদ্ধান্ত হয়।
২০১৬ সালে ঢাকায় হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর জাকির নায়েকের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমে উসকানি ও বিদ্বেষপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগ এনে তাকে নিষিদ্ধ করে ভারত সরকার। বর্তমানে তিনি মালয়েশিয়ায় আছেন এবং সেখানকার সরকার পুত্রজায়া শহরে তাকে স্থায়ী বসবাসের অনুমতি দিয়েছে।


