টানা কনসার্ট, নতুন অ্যালবাম আর চলচ্চিত্রে সাফল্যের মধ্যেই এবার একটু থামতে চান মার্কিন পপ তারকা আরিয়ানা গ্রান্ডে। চলমান ‘ইটারনাল সানশাইন’ বিশ্ব সফর শেষ হলেই জনসমক্ষে উপস্থিতি ও কাজ থেকে সাময়িক বিরতিতে যাচ্ছেন বলে জনিয়েছেন তিনি।
তবে কোনো সমালোচনা বা বিতর্কের জন্য নয় বরং নিজের সিদ্ধান্তেই বিরতিতে যাচ্ছেন বলে স্পষ্ট করে দিয়েছেন এই গায়িকা।
সোমবার শিকাগোতে কনসার্টের মঞ্চে ভক্তদের উদ্দেশে গ্রান্ডে বলেন, ‘অনেক সময় আমার কাছ থেকে সরাসরি কিছু না এলে গল্পটা অন্যভাবে ছড়িয়ে পড়ে। তাই বিষয়টি আমি নিজেই বলতে চেয়েছি।’
তিনি জানান, বিরতিতে যাওয়ার পরিকল্পনা অনেক আগেই করেছিলেন। ‘এটি হঠাৎ নেওয়া কোনো সিদ্ধান্ত নয়। অনেক ভেবেচিন্তে, নিজের প্রয়োজন বুঝেই এই সিদ্ধান্ত নিয়েছি,’ বলেন তিনি।
সম্প্রতি তার এক মুখপাত্র জানান, আগামী ১ সেপ্টেম্বর বিশ্ব সফর শেষ হওয়ার পর কিছুদিন শোবিজের আড়ালে থাকবেন গ্রান্ডে। পাশাপাশি ওয়েস্ট এন্ডে স্টিফেন সন্ডহাইমের ‘সানডে ইন দ্য পার্ক উইথ জর্জ’-এর পুনর্মঞ্চায়ন থেকেও সরে দাঁড়িয়েছেন তিনি।
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ব্যক্তিগত জীবন ও শারীরিক গঠন নিয়ে নানা আলোচনা চললেও, সেগুলো তার আনন্দ কেড়ে নিতে পারেনি বলে জানান গ্রান্ডে। ‘অনেকেই ভাবছেন নেতিবাচক মন্তব্যে সব নষ্ট হয়ে গেছে। কিন্তু সত্যি বলতে, কিছুই নষ্ট হয়নি। মানুষের কখনো কখনো নিজের জন্য একটু বিরতি দরকার হয়। সীমারেখাও টানতে হয়। তবু এই সফর আমার জীবনের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতাগুলোর একটি, বলেন তিনি।
গত ৩১ জুলাই প্রকাশিত গ্রান্ডের নতুন অ্যালবাম ‘পেটাল’ ইতোমধ্যেই দারুণ সাড়া ফেলেছে। অ্যালবামের টাইটেল গান ‘হেট দ্যাট আই মেড ইউ লাভ মি’ প্রকাশের পরই বিলবোর্ড হট ১০০-এর শীর্ষে উঠে যায়। এটি তার ক্যারিয়ারের দশম নাম্বার ওয়ান গান, যা তাকে বিলবোর্ড ইতিহাসের সবচেয়ে সফল শিল্পীদের একজন হিসেবে আরও দৃঢ় অবস্থানে নিয়ে গেছে।
শিকাগোতে বাকি কয়েকটি কনসার্ট শেষে লন্ডনে ১০টি শোর মাধ্যমে ১ সেপ্টেম্বর শেষ হবে ‘ইটারনাল সানশাইন’ বিশ্ব সফর। এরপরই ব্যস্ততার মঞ্চ থেকে কিছুদিনের জন্য নিজেকে সরিয়ে নেবেন আরিয়ানা গ্রান্ডে। তবে ভক্তদের আশ্বস্ত করে তিনি বলেছেন, এটি বিদায় নয়, কেবল নিজের জন্য একটু সময় নেওয়া।


