রাজধানীর বাড্ডা ও ডেমরায় আলাদা সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকসহ দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, মোটরসাইকেল চালক হাসান (৩০) ও অজ্ঞাতনামা (২৫) এক নারী।
মঙ্গলবার ভোর ৪টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টারের সামনে ও সোমবার রাত দেড়টার দিকে মধ্য বাড্ডায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত হাসানের বাবা মো. মুন্না জানান, তাদের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ থানার মির্জানগর গ্রামে। বর্তমানে বাড্ডা এলাকায় থাকতেন হাসান। মোটরসাইকেলে যাত্রী পরিবহন করতেন হাসান।
তিনি আরও জানান, সোমবার রাতে মধ্য বাড্ডা এলাকা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় কোন এক যানবাহনের ধাক্কায় আহত হয়ে রাস্তায় পড়ে ছিলেন হাসান। খবর পেয়ে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে হাসানকে মৃত ঘোষণা করেন।
এদিকে, ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহবুবুর রহমান জানান, ভোরে খবর আসে ডেমরা স্টাফ কোয়ার্টারের সামনে সড়ক দুর্ঘটনায় এক নারী আহত হয়ে পরে আছেন। দ্রুত ঘটনাস্থল গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।
তিনি জানান, ওই নারী মানসিক ভারসাম্যহীন। ওই এলাকায় ঘুরাফেরা করত। ভোরে কোন এক যানবাহনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে। তার পরিচয় জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।


