মিরপুরে কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় আগুনের ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকা করে অনুদান দেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
আগুন নিয়ন্ত্রণের পর বুধবার রাতে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এই ঘোষণা দেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ ধরনের প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক বলে মন্তব্য করে অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিচার দাবি করেন তিনি।
এছাড়া নিহতদের পরিবারকে তাৎক্ষণিক এক লাখ টাকা করে অনুদানের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানও।
মঙ্গলবার রাতে ঘটনাস্থল পরিদর্শনে যান জামায়াত আমির। এসময় তিনি ক্ষতিগ্রস্ত পোশাক কারখানা ও রাসায়নিক গুদামের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এছাড়াও তিনি ঘটনাস্থলে উপস্থিত প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করেন।
জামায়াতের আমির আগুনে হতাহতদের বিষয়ে খোঁজ নেন এবং নিহতদের প্রত্যেক পরিবারের জন্য এক লাখ টাকা অনুদান ঘোষণা ও সবধরনের সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংগঠনের দায়িত্বশীলদের নির্দেশ দেন তিনি।

নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে জামায়াতের শীর্ষ নেতা বলেন, ‘দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব।’
ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের পরিবার ও আহতদের সুচিকিৎসা নিশ্চিত এবং পুনর্বাসনে সরকার, সমাজের বিত্তবান ব্যক্তি, মানবিক সংস্থা, সংগঠন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান শফিকুর রহমান।
এ সময় আমিরে জামায়াতের সঙ্গে ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের নায়েবে আমির আবদুর রহমান মুসা, ঢাকা-১৪ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মীর আহমাদ বিন কাসেম (আরমান) এবং ঢাকা-১৬ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী আবদুল বাতেন।

এর আগে এক বিবৃতিতে শফিকুর রহমান নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানান। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে নিরপেক্ষ তদন্ত পরিচালনা করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
গত মঙ্গলবার পৌনে বেলা ১২টার দিকে রাজধানী ঢাকার মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় একটি রাসায়নিকের গুদামে ভয়াবহ আগুন লাগে। মুহূর্তেই সে আগুন পাশের একটি পোশাক কারখানায় ছড়িয়ে পড়ে। এতে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে এবং আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।


