ইতালিতে দুইদিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। বুধবার সকাল ৮টা ২০ মিনিটে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ইতালির রাজধানী রোম থেকে ঢাকার উদ্দেশে রওনা হন প্রধান উপদেষ্টা।
সংবাদ সংস্থা বাসসের খবরে বলা হয়, মুহাম্মদ ইউনূস সোমবার রোমে জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড ফোরামের (ডব্লিউএফএফ) খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ফ্ল্যাগশিপ ইভেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন।
একই দিন প্রধান উপদেষ্টা সম্মেলনের সাইডলাইনে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, রোমের মেয়র রবার্তো গুয়ালতিয়েরি, জিবুতির প্রধানমন্ত্রী, এফএও মহাপরিচালক কু দংইউ এবং ব্রাজিলের কৃষিবিদ ও লেখক হোসে গ্রাজিয়ানো দা সিলভার সঙ্গে আলাদা আলাদা দ্বিপাক্ষিক বৈঠক করেন।
এর আগে, সোমবার এফএও সদর দপ্তরে পৌঁছালে মুহাম্মদ ইউনূসকে উষ্ণ অভ্যর্থনা জানান সংস্থার মহাপরিচালক কু দংইউ। পরে তিনি প্রেসিডেন্ট লুলা ও কু দংইউয়ের সঙ্গে ক্ষুধা ও দারিদ্রের বিরুদ্ধে গঠিত ‘গ্লোবাল অ্যালায়েন্স’-এর নতুন কার্যালয় উদ্বোধন করেন।
মঙ্গলবার বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক কার্ল স্কাও রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এদিনই ইতালিতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতারাও রোমের হোটেলে তার সঙ্গে বৈঠক করেন এবং সমসাময়িক বিষয়ে আলোচনা করেন।
এর আগে রোববার আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাড) প্রেসিডেন্ট আলভারো লারিও রোমে মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।


