চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভোট দেওয়ার পর ভোটারদের আঙ্গুলে দেওয়া কালি মুছে যাওয়ার অভিযোগ করেছেন ছাত্রদলের ভিপি পদপ্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয়।
বুধবার সকাল ১০টায় আইটি ভবন কেন্দ্র পরিদর্শনে এসে তিনি এই অভিযোগ করেন।
সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, ‘ভোটাররা ভোট দেওয়ার পর আঙুলে দেওয়া কালি মুছে যাচ্ছে। এতে তাদের আবারও ভোট দেওয়ার আশঙ্কা থাকে। তাই আমরা নির্বাচন কমিশনাকে বিষয়টি জানাব।’
ভোটাররা জানান, ‘প্রথমে নরমাল কালি ব্যবহার করা হয়েছিল। মুছে যাচ্ছে দেখে তা পরিবর্তন করা হয়েছে।’
বুধবার সকালে শুরু হওয়া এই ভোট বিরতিহীনভাবে চলবে বিকাল চারটা পর্যন্ত।
এবার চাকসুর নির্বাচনে ভোটার ২৭ হাজার ৫১৬ জন। যাতে ভিপি-জিএসসহ কেন্দ্রীয় সংসদে পদ ২৬টি। ১৫ হল ও হোস্টেল সংসদে পদ ১৪টি করে। যার বিপরীতে প্রার্থী ৯০৮ জন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ১৩টি প্যানেল ও স্বতন্ত্র মিলে প্রার্থী ৪১৫।
৫টি অনুষদ ভবনে ১৫ কেন্দ্রে ৬০টি কক্ষে বুধবার চাকসু নির্বাচনে ভোটগ্রহণ করা হচ্ছে।


