গাইবান্ধায় খেলা দেখানোর জন্য নতুন বিষধর সাপকে প্রশিক্ষণ দেওয়ার সময় সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু হয়েছে।
নিহত সাপুড়ের নাম আজাদুল ইসলাম ঘুটু (৩০)। মঙ্গলবার স্থানীয় একটি বাজারে এই সাপটি দিয়ে খেলা দেখানোর পরিকল্পনা ছিল তার।
মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাব এসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) হেদায়েতুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ওই সাপুড়েকে হাসপাতালে আনা হয়।
নিহত সাপুড়ে আজাদুল ইসলাম ঘুটু উপজেলার সাপমারা ইউনিয়নের তরফকামাল শিয়ালগাড়া গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজাদুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় পাতা খেলায় সাপ প্রদর্শন করতেন এবং সাম্প্রতিক সময়ে তিনি কলাগাছে সাপ পেঁচিয়ে খেলা দেখাতেন। মঙ্গলবার শাখাহার ইউনিয়নের আসাদ মোড়ে আয়োজিত পাতা খেলা উপলক্ষে সোমবার বিকালে উপজেলার কোচাশহর এলাকা থেকে একটি বিষধর সাপ ধরে আনেন আজাদুল ইসলাম। পরে নতুন ধরে আনা সাপটিকে খেলার প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করেন। প্রশিক্ষণের একপর্যায়ে সাপটি হঠাৎ তাকে কামড় দেয়। এতে তিনি ঘটনাস্থলেই অসুস্থ হয়ে পড়েন।
পরে এ বিষ নামানোর জন্য জয়পুর হাটের কালাইয়ের শিবসমুদ্র এলাকায় এক ওঝার কাছে নিয়ে যায় পরিবারের সদস্যরা। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরে তাকে রাত সাড়ে ১১ টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এসময় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাব এসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) হেদায়েতুল ইসলাম চৌধুরী বলেন, সাপে কাটা ওই রোগীকে হাসপাতালে আনার অনেক আগে তার মৃত্যু হয়েছে। মৃত অবস্থায় তাকে হাসপাতলে আনা হয়েছিল।
নিহতের পরিবারের বরাতে এ চিকিৎসক জানান, বিকালে সাপে কামড়ের পর রোগীকে প্রথমে জয়পুর হাটের এক ওঝার কাছে নেওয়া হয়। পরে সেখান থেকে হসপাতালে আনা হয়।


