চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান অচলাবস্থা নিরসন এবং শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষা কার্যক্রম পুনরায় চালুর লক্ষ্যে তদন্ত বা পরামর্শক কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এজন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হয়েছে।
রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা চিঠিতে ইউজিসির সদস্য পর্যায়ে এ কমিটি গঠনের উদ্যোগ নিতে বলা হয়। কমিটিকে চুয়েটের অচলাবস্থা নিরসনে গুরুত্বপূর্ণ ও সুনির্দিষ্ট সুপারিশমালা জরুরি ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো. সুলতান আহমেদের সই করা চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠির অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য চুয়েটের উপাচার্যসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।
এর আগে গত শুক্রবার সন্ধ্যায় নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমের সভাপতিত্বে অনলাইনে বিশ্ববিদ্যালয়ের ১৪৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভায় উপাচার্যসহ ছয়জন সদস্য অংশ নিলেও কোনো শিক্ষক সদস্য যোগ দেননি।
সভায় বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসনে তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দ্রুত শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষা কার্যক্রমে ফিরে আসার আহ্বান, স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে সমন্বিত আলোচনা এবং সংকট নিরসনে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত ও পরামর্শক কমিটি গঠনের সুপারিশ পাঠানো।
সিন্ডিকেট সভায় নেওয়া তৃতীয় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে দুই দিন পর ইউজিসিকে কমিটি গঠনের উদ্যোগ নিতে চিঠি দিল শিক্ষা মন্ত্রণালয়। তবে এ উদ্যোগের মাধ্যমে চুয়েটের চলমান অচলাবস্থা কত দ্রুত নিরসন হবে, তা এখনো স্পষ্ট নয়।


