বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ইতিবাচক ধারায় অগ্রসর হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
সোমবার জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
সকাল ১১টায় মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত এ বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, শিক্ষা ও গবেষণায় সহযোগিতা বৃদ্ধি এবং ভবিষ্যৎমুখী সম্পর্ক উন্নয়নের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে পাকিস্তান হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মুহাম্মাদ ওয়াসিফ ও পলিটিক্যাল কাউন্সেলর কামরান দাংগাল এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।
পাকিস্তানের হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ককে ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গিতে আরও এগিয়ে নিতে তারা আগ্রহী। তিনি উল্লেখ করেন, সম্প্রতি দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের একাধিক সফর অনুষ্ঠিত হয়েছে।
হাইকমিশনার বিরোধীদলীয় নেতাকে ‘নলেজ করিডোর’ প্রকল্পের চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। পাশাপাশি বাংলাদেশের শিক্ষাবিদদের একটি প্রতিনিধিদল সম্প্রতি পাকিস্তান সফর করে দেশটির শিক্ষা কাঠামো ও শিক্ষাব্যবস্থা সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেছেন এবং এতে সন্তোষ প্রকাশ করেছেন বলেও জানান তিনি।
বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, শিক্ষা ও গবেষণায় সহযোগিতা বৃদ্ধি, সাংস্কৃতিক বিনিময় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টির গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
একই সঙ্গে পারস্পরিক যোগাযোগ অব্যাহত রাখা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ইতিবাচক উদ্যোগ নেওয়ার মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।


