ইবনে সিনা মেডিসিনের কারখানায় আগুন: ক্ষতি ২০-২৫ কোটি টাকা

ইবনে সিনা মেডিসিনের কারখানায় আগুন: ক্ষতি ২০-২৫ কোটি টাকা
Advertisement
Advertisement

দ্য ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন লিমিটেডের কারখানার ফিনিশড গুডস গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তৈরি ওষুধ, ওষুধের কাঁচামাল, মেশিন, অবকাঠামোসহ বিভিন্ন সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রাথমিক ধারণা অনুযায়ী, এ ঘটনায় আনুমানিক ২০ থেকে ২৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কোম্পানির দেওয়া তথ্যমতে, গত ১৭ অক্টোবর বিকাল ৪টা ২০ মিনিটে কারখানার ফিনিশড গুডস গোডাউনে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পরপরই কারখানার নিজস্ব ফায়ার ইউনিটের কর্মী এবং কর্মকর্তা-কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

এ সময় পার্শ্ববর্তী নিট এশিয়া লিমিটেডের কর্মীরাও অগ্নিনির্বাপণ কার্যক্রমে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

পরিস্থিতি মোকাবিলায় পরবর্তীতে কালিয়াকৈর ফায়ার স্টেশন ও গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের মোট ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপণের কাজে অংশ নেয়। সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

কোম্পানির তথ্যমতে, অগ্নিকাণ্ডে তৈরি ওষুধ, ওষুধের কাঁচামাল, মেশিন, অবকাঠামো এবং বিভিন্ন সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ থেকে ২৫ কোটি টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত ও বিস্তারিত মূল্যায়ন শেষে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad