৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে ঢাকাসহ সারা দেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র্যাব। উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ও রাষ্ট্রবিরোধী চক্রের সম্ভাব্য নাশকতা ঠেকাতে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
মঙ্গলবার র্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দিবসটি উপলক্ষে প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ এলাকায় নিরাপত্তা হুমকি মূল্যায়ন করে পৃথক নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করেছে। গোয়েন্দা কার্যক্রম জোরদারের পাশাপাশি আগাম তথ্য সংগ্রহে সোর্স নিয়োগ করা হয়েছে।
এ ছাড়া ৪ আগস্ট রাত থেকে অনুষ্ঠানস্থল, রোডমার্চ ও পদযাত্রার নির্ধারিত রুট এবং জুলাই স্মৃতিস্তম্ভগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ইউনিফর্মধারী সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সন্দেহভাজন ব্যক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সম্ভাব্য নাশকতা প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। প্রতিটি জেলার অনুষ্ঠানস্থল ও জুলাই স্মৃতিস্তম্ভে ৭ দিন আগে থেকেই কঠোর নজরদারি নিশ্চিত করা হয়েছে।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার প্রতিরোধে সাইবার পেট্রোলিং জোরদার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব বলেছে, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ প্রতিরোধ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে বাহিনীটি বদ্ধপরিকর।


