কিংবদন্তি নায়িকা সারাহ বেগম কবরী ২০১৮–১৯ অর্থবছরে ‘এই তুমি সেই তুমি’ সিনেমার জন্য সরকারি অনুদান পেয়েছিলেন। বহু খোঁজাখুঁজির পর তিনি নিশাত নাওয়ার সালওয়া ও রায়হান রিয়াদকে নিয়ে সিনেমার শুটিং শুরু করেন। কিন্তু ২০২১ সালের ১৭ এপ্রিল মহামারী করোনায় আক্রান্ত হয়ে কবরী না ফেরার দেশে চলে যান। তার মৃত্যুর সঙ্গে সঙ্গেই থেমে যায় সিনেমার কাজ।
কবরীর অসমাপ্ত সিনেমার কাজ শেষ করেছেন তার সন্তান শাকের চিশতী। চলচ্চিত্র বিষয়ে পড়াশোনা করেছেন তিনি। টাইমস অব বাংলাদেশের সঙ্গে এক আলাপচারিতায় শাকের বলেন, “আম্মু মারা যাওয়ার পর সিনেমাটা শেষ করা নিয়ে বিপদে পড়েছিলাম। শুধু আম্মু নন, সিনেমার ক্রু, কোরিওগ্রাফারসহ মোট পাঁচজন মারা গিয়েছিলেন। আম্মুর কিছু দৃশ্য শুটিং বাকি ছিল, সেগুলো করা বেশ কষ্টসাধ্য ছিল। বিকল্প উপায়ে কাজটা শেষ করতে হয়েছে।”
শুধু শুটিং নয়, কবরীর কণ্ঠ ডাবিং করতেও সমস্যায় পড়তে হয়েছে বলে জানান শাকের। তার ভাষায়, “আমরা প্রথমে এআইয়ের সহায়তা নিয়েছিলাম, কিন্তু এআই বাংলা কণ্ঠ খুব ভালোভাবে অনুকরণ করতে পারে না। তাই সেই পরিকল্পনা বাদ দিতে হয়। একজন উপযুক্ত ভয়েস আর্টিস্ট খুঁজে পেতেই প্রায় এক বছর সময় লেগে গেছে।”
তিনি আরও বলেন, “আম্মু ৮০ শতাংশের বেশি শুটিং শেষ করে গিয়েছিলেন। আমি শুধু সিনেমাটা শেষ করেছি। আমরা প্রথমে দেশের বাইরে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে সিনেমাটি প্রদর্শনের পরিকল্পনা করেছি, এরপর দেশে মুক্তি দেব।”
‘এই তুমি সেই তুমি’ সিনেমায় অভিনয় করেছেন নিশাত নাওয়ার সালওয়া। এই সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার পর তিনি অভিনয় করেছেন ‘বুবুজান’, ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ ও ‘বীরত্ব’–এ। সিনেমাগুলো ইতোমধ্যে মুক্তি পেয়েছে। তবে ‘এই তুমি সেই তুমি’–এর অরনী চরিত্রে নিজেকে বড় পর্দায় দেখার ইচ্ছে এখনো পূরণ হয়নি তার।
সালওয়া বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। সেখানে যাওয়ার আগে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “এটা আমার স্বপ্নের একটি সিনেমা। অল্প কয়েক বছরের অভিনয়জীবনে কবরীর মতো বরেণ্য শিল্পীর সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া আমার জীবনের বড় সৌভাগ্য। এমন সুযোগ সবার হয় না। এই ছবির কাজ করতে গিয়ে আমি অনেক কিছু শিখেছি। তিনি আমাকে হাতে ধরে ধরে শিখিয়েছেন। এই সিনেমাটা আমার জীবনের অন্যতম প্রাপ্তি হয়ে থাকবে।”
সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। তিনি একটি গানে কণ্ঠও দিয়েছেন। সিনেমার জন্য একটি গানের কথাও লিখেছিলেন কবরী নিজেই; সেই গানে কণ্ঠ দিয়েছেন কোনাল ও ইমরান। সিনেমার অন্যান্য গীতিকার হলেন গাজী মাজহারুল আনোয়ার ও মোহাম্মদ রফিকউজ্জামান। পরিচালনার পাশাপাশি সিনেমার কাহিনি, চিত্রনাট্য ও সংলাপও লিখেছেন কবরী।
উল্লেখ্য, কবরী পরিচালিত প্রথম সিনেমা ‘আয়না’ মুক্তি পেয়েছিল ২০০৬ সালে।


