খুলনার দিঘলিয়া উপজেলায় ট্রাকচাপায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গাজিরহাট ইউনিয়নের ডোমরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নড়াইলের কালিয়া উপজেলার সিহাব শেখের স্ত্রী ফারজানা খাতুন (২২), তাদের দুই বছরের মেয়ে মায়মুনা এবং ফারজানার বোন রুবিয়া খাতুন (১৬)। আহত হয়েছেন মোটরসাইকেলচালক সিহাব শেখ।
দিঘলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ জানান, গাজিরহাট থেকে খুলনার রূপসার দিকে একটি মালবোঝাই ট্রাক যাচ্ছিল। বিপরীত দিক থেকে রূপসা হয়ে মোটরসাইকেলে নড়াইলের দিকে যাচ্ছিলেন সিহাব শেখ ও তার পরিবারের সদস্যরা।
তিনি বলেন, সাইড নিতে গিয়ে মোটরসাইকেলটি ট্রাকের নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
মোটরসাইকেলের চালক সিহাব শেখ প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হন। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।


