প্রথম ছবির সাফল্যের অন্যতম সৃজনশীল কারিগরকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে দ্য ব্যাটম্যান ২–এর জন্য। স্ক্রিনর্যান্ট জানিয়েছে, পরিচালক ম্যাট রিভস নিশ্চিত করেছেন বহুল প্রতীক্ষিত এই সিক্যুয়েলের সুরকার হিসেবে আবারও থাকছেন মাইকেল জিয়াকিনো।
‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’র লালগালিচার অনুষ্ঠানে স্ক্রিনর্যান্টের টাটিয়ানা হলেন্ডারের সঙ্গে আলাপকালে জিয়াকিনো এ বিষয়ে কথা বলেন। সিক্যুয়েল প্রসঙ্গে তিনি বলেন, ‘ম্যাট রিভস আমাকে এই প্রকল্পের বাইরে রাখবেন—এমন কোনো সম্ভাবনা আছে বলে আমি মনে করি না।’
পরে জিয়াকিনোর ওই মন্তব্যসংবলিত স্ক্রিনর্যান্টের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে ম্যাট রিভস শুধু লেখেন, ‘শতভাগ।’ এর মধ্য দিয়েই তিনি এই প্রকল্পে জিয়াকিনোর সম্পৃক্ততা নিশ্চিত করেন।
বর্তমানে দ্য ব্যাটম্যান ২ সিনেমাটির নির্মাণকাজ চলছে, এর মুক্তি পিছিয়েছে ২০২৮ সাল পর্যন্ত। তবে এমন ঘোষণায় ভক্তরা আশ্বস্ত হয়েছেন, ২০২২ সালের সিনেমাটির সিক্যুয়েলেও সমালোচক ও বক্স অফিসে সফল করে তোলা আবহ বজায় থাকবে।
দ্য ব্যাটম্যান–এ অন্যতম শক্তিশালী দিক হিসেবে প্রশংসিত হয়েছিল মাইকেল জিয়াকিনোর সুর। শিল্পকারখানার আবহ থেকে অনুপ্রাণিত তার সুরে যেমন ছিল শক্তিশালী অ্যাকশন দৃশ্যের উপযোগী থিম, তেমনি ছিল ধীরগতির আবহসংগীত। যা দারুণভাবে মানিয়ে গিয়েছিল ছবিটির গোয়েন্দাধর্মী রহস্য ও সুপারহিরো ঘরানার সঙ্গে।
রিভসের কল্পনায় নির্মিত আরও অন্ধকারাচ্ছন্ন গথাম সিটির আবহ গড়ে তুলতেও এই সাউন্ডট্র্যাক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। একই সঙ্গে এটি আগের ব্যাটম্যান সিনেমাগুলোর তুলনায় ছবিটিকে আলাদা পরিচয় দিয়েছিল।
মাইকেল জিয়াকিনো ফেরায় ধারণা করা হচ্ছে, সিক্যুয়েলেও মূল ছবির মতোই সংগীতধারা ও আবেগঘন পরিবেশ বজায় থাকবে। পাশাপাশি বজায় থাকবে ব্যাটম্যান ফ্র্যাঞ্চাইজিকে ঘিরে ম্যাট রিভসের পরিকল্পনার ধারাবাহিকতা।


